সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইসাহাক আলী ও মোর্শেদ আলম বলেন, গত কয়েকদিন আগে পূর্ব পরিকল্পিতভাবে একদল ব্যক্তি লোকমান মিয়ার বাড়িঘর ভাংচুর করে গ্রাম ছাড়ার হুমকি দেয়। এ ঘটনায় জড়িত আসাদ, শাহাবুল, সাজ্জাদ, বক্কর, বাবু, আজিজুর ও ফারুকসহ বেশ কয়েকজনের নাম উল্লেখ করে থানায় অভিযোগের প্রস্তুতি চলছে।
ভুক্তভোগী দৃষ্টি প্রতিবন্ধী লোকমান মিয়া বলেন, আমি ২-৩ বছর আগে ভুল পথে থাকলেও এখন কঠোর পরিশ্রম করে সঠিকভাবে জীবনযাপন করছি। আমার পারিবারিক দূর্বলতার সুযোগ নিয়ে বিভিন্ন সময় টাকা দাবি করে। আমি অপারগতা প্রকাশ করায়, আমার বিরুদ্ধে মাদক নিয়ে মিথ্যা গল্প সাজিয়ে উচ্ছেদের পায়তারা করছে। আমি এখন নিজের বাড়িতে যেতে পারছি না, চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত স্থানীয়রা দাবি করেন, লোকমান মিয়া বর্তমানে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত নন। তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে এবং তার সম্পদ দখলের উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সাথে ভুক্তভোগী দৃষ্টি প্রতিবন্ধী লোকমানের পরিবারকে স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ করে দিতে এবং তাদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।