


দিনাজপুরের ঘোড়াঘাটে বৈশাখী শোভাযাত্রা, পান্তা ভাত পরিবেশন, আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী সহ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় এ উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রুবানা তানজিন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম, ঘোড়াঘাট পৌর বিএনপি’র সভাপতি আব্দুস সাত্তার মিলন, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, সরকারি কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা রঙিন ব্যানার, ফেস্টুন ও বৈশাখী সাজে শোভাযাত্রাকে প্রাণবন্ত করে তোলেন।
বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়াম মুখর হয়ে ওঠে উৎসবের আমেজে। উপস্থিত অতিথিবৃন্দসহ সকলের জন্য পরিবেশন করা হয় গ্রামীণ বাংলার চিরচেনা ঐতিহ্যবাহী খাবার-মোয়া, মুড়ি ও পান্তা ভাত, যা মুহূর্তেই ছড়িয়ে দেয় আপন সংস্কৃতির স্বাদ ও আবেগ। পরে প্রাণবন্ত পুরস্কার বিতরণী এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনায় জমে ওঠে পুরো আয়োজন। নানা বর্ণিল আয়োজন আর আনন্দ-উচ্ছাসের মধ্য দিয়ে উদযাপিত হয় বর্ষবরণ উৎসব।