


দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর তীরে ডাব্বুর (পাশা) আসরে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৮ মে) দিবাগত রাত আনুমানিক ১টায় বুলাকিপুর ইউনিয়নের শালিকাদহ ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, শালিকাদহের আব্দুর রহমানের পুত্র রবিউল ইসলাম (৩৩) ও চন্ডিদাসপুরের খলিলুর রহমানের পুত্র রেজাউল করিম (৩৫), দুজনই ঘোড়াঘাট উপজেলার বাসিন্দা।
অন্যদিকে গ্রেপ্তারকৃত বাকি দুজন হলেন রংপুরের পীরগঞ্জ উপজেলার জুনুদেপাড়ার মৃত আফসার আলীর পুত্র আবেদ আলী (৬০) এবং ঠাকুরদাস লক্ষীপুরের মৃত সলেমান মন্ডলের পুত্র সাদেকুল ইসলাম (৩৫)। থানা সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে নদীর নিরিবিলি ওই এলাকায় গোপনে ডাব্বুর আসর বসে আসছিল। রাত গভীর হওয়ার সাথে সাথে বিভিন্ন এলাকা থেকে লোকজন সেখানে জড়ো হতেন এবং পাশা খেলে টাকা-পয়সা লেনদেন চলতো। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে ঘটনাস্থল থেকে চারজনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় আরও কয়েকজন পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। সোমবার রাতেও একইভাবে আসর চলছিল।
গোল হয়ে বসে খেলায় মগ্ন ছিলেন অংশগ্রহণকারীরা। হঠাৎ করেই পুলিশ অভিযান চালালে সেখানে দিকবিদ্বিক দৌড়াদৌড়ি শুরু হয়। অনেকে পাশা ও নগদ টাকা ফেলে পালানোর চেষ্টা করেন। তবে চারজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। অভিযান শেষে ঘটনাস্থল থেকে নগদ ৭ হাজার ৩’শ টাকা, তিনটি ডাব্বু, ১৮টি ফরগুটি এবং একটি ফরদি জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি নিয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে, তবে কয়েকজন পালিয়ে গেছে। এ ঘটনায় অজ্ঞাত আরও ৮ থেকে ১০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হবে।