প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৬টার দিকে কাপড় পট্টির একটি দোকান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই গোটা মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পার্শ্ববর্তী নাগেশ্বরী ফায়ার সার্ভিসের দুটি ও ফুলবাড়ী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে মার্কেটের অন্তত ১০৫টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও নিরূপণ করা না গেলেও স্থানীয়দের ধারণা, অগ্নিকাণ্ডে প্রায় ১০ কোটি টাকার মালামাল ভস্মীভূত হয়েছে।
এই ঘটনায় খোলা মার্কেটের ১০৫ জন ক্ষুদ্র ব্যবসায়ী তাদের সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে।
ভূরুঙ্গামারী উপজেলা নিবাহী অফিসার অমৃত দেবনাথ বলেন, ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০৫ টি দোকান পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির নিরূপণের কাজ চলছে। তবে এতে আনুমানিক ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। এ বিষয়ে জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করা হয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ হলে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।