


ঢাকা-রংপুর মহাসড়কের শঠিবাড়ীতে ফুট ওভার ব্রীজ নির্মাণের দাবিতে ৫ ঘন্টা মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুদ্ধরা। শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে রাস্তা পারাপারের সময় ঢাকাগামী বিআরটিসি বাসের ধাক্কায় দেলদার হোসেন (৬৫) নামে এক বৃদ্ধ গুরুতর আহতের ঘটনায় সড়ক অবরোধ শুরু হয়। এসময় মহাসড়কে দু’পাশে শতশত যান বাহন আটকে থাকে।
বিকাল ৫ টায় ইউএনও এবং ওসি ঘটনাস্থলে যান। পরে ৬ টায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়। আহত বৃদ্ধ দেলদার হোসেন রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিবিড় পর্যবেক্ষন কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। তিনি শঠিবাড়ীর অদুরে চাঁদনী চাঁদপুর গ্রামের মৃত. সিদ্দিক মিয়ার পুত্র।
অপরদিকে পৃথক ঘটনায় উপজেলার দমদমা এলাকায় অটোচাপায় জাকিয়া আক্তার নামে ৪ বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু বাসথেকে নামামাত্র পিছন দিক থেকে অটোটি চাপা দিলে ঘটনাস্থলেই শিশু জাকিয়া মৃতু্যবরণ করেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা-রংপুর মহাসড়কের শঠিবাড়ী জনতা ব্যাংকের সামন দিয়ে রাস্তা পারাপর হচ্চিলেন দেলদার হোসেন। এসময় ঢাকাগামী একটি বিআরটিসি যাত্রীবাহী বাস তাঁকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় দুপুর ১টা বিক্ষুদ্ধ হয়ে ওঠে স্থানীয়রা। টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ ও যান চলাচল বন্ধ করে দেয়। এসময় দু’পাশে শত শত যান বাহন আটকে থাকে। চরম ভোগান্তিতে পড়ে যাত্রীরা।
পরে বিকাল ৫ টায় ঘটনাস্থলে পৌঁছান ইউএনও মো. পারভেজ ও ওসি এরশাদুল হক, উপজেলা বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক গোলাম রব্বানী। এসময় বিক্ষুদ্ধরা ফুট ওভার ব্রীজ নির্মাণের দাবি জানান। প্রশাসনের আশ্বাসে বিক্ষুদ্ধরা মহাসড়ক ছেড়ে দিলে ৬ টায় যান চলাচল স্বাভাবিক হয়। এর আগেও ওই স্থানে দূর্ঘটনায় ১ পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছিল। তখনও বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছিল স্থানীয়রা।
উপজেলা নির্বাহি অফিসার মো. পারভেজ বলেন, ঘটনাস্থলে দ্রুত ফুট ওভর ব্রীজ নির্মিত হবে। প্রশাসন মানুষের জানমাল রক্ষায় সব সময় কাজ করে যাবে। মহাসড়ক নির্মাণ কাজে তদারকির দায়িত্বে থাকা সাসেক প্রকল্পের নির্বাহি প্রকৌশলী ফিরোজ আখতার বলেন, আগামী ১৫ জুনের মধ্যে ঘটনাস্থলে ফুট ওভার ব্রীজ নির্মাণ কাজ শুরু হবে৷