


মাঠে যখন ফুটবলাররা লড়াই করছেন বিশ্বসেরার মুকুটের জন্য, তখন গ্যালারিতেও কিছু মুখ আলাদা করে কাড়ছে সবার নজর। তাদের মধ্যে সবচেয়ে পরিচিত নামগুলোর একটি ইভানা নল। ক্রোয়েশিয়ার এই জনপ্রিয় সমর্থক ও মডেল আবারও বিশ্বকাপের মঞ্চে হাজির হয়ে ফুটবলপ্রেমীদের আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন।
২০২৬ বিশ্বকাপের আবহে আবারও আলোচনায় ক্রোয়েশিয়ার পরিচিত সমর্থক ইভানা নল। প্রিয় দলকে উৎসাহ দিতে তিনি উপস্থিত হয়েছেন যুক্তরাষ্ট্রের ডালাসে, যেখানে ক্রোয়েশিয়ার ম্যাচ ঘিরে গ্যালারিতে তৈরি হয়ে ছিলো বাড়তি উচ্ছ্বাস।
ম্যাচ শুরুর আগেই স্টেডিয়ামে উপস্থিত ইভানা দর্শক, আলোকচিত্রী এবং বিভিন্ন গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করেন। তার উপস্থিতি ঘিরে ভক্তদের আগ্রহও ছিল চোখে পড়ার মতো। বরাবরের মতো এবারও নিজ দেশের পরিচয়ের প্রতীক হিসেবে লাল-সাদা চেকারবোর্ড নকশার পোশাক বেছে নেন তিনি। স্টেডিয়ামের বিভিন্ন প্রান্তে তোলা তার ছবি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং সমর্থকদের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করে। বিশ্ব ফুটবলের বড় আসরে ইভানা নলের পরিচিতি নতুন নয়। ২০২২ সালের কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার ম্যাচগুলোতে নিয়মিত গ্যালারিতে দেখা যাওয়ার পর তিনি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। সে সময় তার উপস্থিতি যেমন দর্শকদের নজর কাড়ে, তেমনি বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও জায়গা করে নেয়। চার বছর পর নতুন বিশ্বকাপেও সেই পরিচিত দৃশ্য আবারও দেখা গেল। টুর্নামেন্টের শুরু থেকেই প্রিয় দলের পাশে দাঁড়াতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি।
২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ। ইংল্যান্ডের ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে যাওয়ার মুহূর্তে একজন ক্রোয়েশিয়ান সমর্থকের ছবি পুরো বিশ্বকে মুগ্ধ করে দিয়েছিল। লাল-সাদা চেকার্ড পোশাকে আত্মবিশ্বাসী হাসি নিয়ে দাঁড়িয়ে থাকা সেই তরুণী ছিলেন প্রাক্তন মিস ক্রোয়েশিয়া ইভানা নল। সেই ভাইরাল মুহূর্তের পর প্রতিবার বিশ্বকাপ আসলে আলোচনা শুরু হয় এই মিস ক্রোয়েশিয়াকে নিয়ে।