


নীলফামারীর সৈয়দপুর উপজেলার প্রান্তিক পেশাজীবীদের নিয়ে ১০ দিনব্যাপী পেশাভিত্তিক সফটস্কিলস প্রশিক্ষণ শেষ হয়েছে। রবিবার সৈয়দপুর উপজেলা সমাজ সেবা দপ্তর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রশিক্ষণে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাজ সেবা অধিদপ্তরের বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় ফেইজ) প্রকল্পের আওতায় ওই প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র ও সম্মানী অর্থ তুলে দেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারাহ্ ফাতেহা তাকমিলা।
এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুর মোহাম্মদ। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রশিক্ষণের মাস্টার ট্রেইনার সমাজসেবা অধিদপ্তরের ঢাকা সদর কার্যালয়ের সমাজ সেবা অফিসার মো. আমিরুল আলম ও দিনাজপুরে হাকিমপুরের উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ রানা প্রমুখ। সমাপনী অনুষ্ঠানের শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে তাদের সম্মানী নগদ অর্থ ও সনদপত্র বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারাহ্ ফাতেহা তাকমিলা ওই নগদ অর্থ ও সনদপত্র তুলে দেন।
এছাড়াও প্রশিক্ষণার্থীদের পেশার উন্নয়নে প্রান্তিক পেশাজীবীদের এককালীন অনুদানের ১৮ হাজার টাকা করে তাদের নিজ নিজ ব্যাংক হিসাবে হস্তান্তর করা হয়েছে। ১০ দিনের এই প্রশিক্ষণে সৈয়দপুর উপজেলার বিভিন্ন এলাকার কুমার, মুচি, নাপিত ও বাঁশ-বেত পণ্য প্রস্তুতকারী প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর ৩০ জন সদস্য অংশ গ্রহণ করেন। আর এতে সমাজ সেবা অধিদপ্তরের দুই জন কর্মকর্তা মাস্টার ট্রেইনার হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন। এছাড়াও প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ের ওপর প্রশিক্ষণ প্রদান করেন সৈয়দপুর উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ব্যাংক কর্মকর্তা, ব্যবসায়ী সংগঠনের নেতা ও অভিজ্ঞ ব্যক্তিবর্গরা।
সৈয়দপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুর মোহাম্মদ জানান, এই প্রশিক্ষণের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে, প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধি, উন্নয়ন এবং আধুনিক কর্মপদ্ধতির সঙ্গে পরিচয় করিয়ে দেয়ার মাধ্যমে তাদের জীবনমান উন্নয়ন। তিনি আরো জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত নতুন জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতা তাদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলবে এবং জীবনমান উন্নয়নে সহায়ক হবে।