1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
দুই দশকের সংকট: ৬৭ বিদ্যালয়ের তদারকিতে একজন কর্মকর্তা | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

দুই দশকের সংকট: ৬৭ বিদ্যালয়ের তদারকিতে একজন কর্মকর্তা

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৮৮ জন দেখেছেন

দিনাজপুরের ঘোড়াঘাটে দীর্ঘ প্রায় দুই দশক ধরে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সংকট থাকায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। বর্তমানে উপজেলার ৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদারকির দায়িত্ব পালন করছেন মাত্র একজন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।

 

সোমবার (২৯ জুন) উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলায় পৌরসভা ৮টি ও চারটি ইউনিয়নে ৫৯টি সহ মোট ৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য রয়েছেন একজন উপজেলা শিক্ষা কর্মকর্তা ও মাত্র একজন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা। অথচ নীতিমালা অনুযায়ী প্রতি ১৫ থেকে ২৫টি বিদ্যালয়ের জন্য একজন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা থাকার কথা।

 

শিক্ষা-সংশ্লিষ্টরা বলছেন, একজন কর্মকর্তার পক্ষে এতগুলো বিদ্যালয়ে নিয়মিত পরিদর্শন করা সম্ভব নয়। ফলে পাঠদানের মান মূল্যায়ন, শিক্ষকদের একাডেমিক সহায়তা, শিক্ষার্থীদের শিখন কার্যক্রম ও প্রশাসনিক তদারকি ব্যাহত হচ্ছে। একই সঙ্গে বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম ও আর্থিক ব্যবস্থাপনায় পর্যাপ্ত নজরদারির অভাবে অনিয়মের আশঙ্কাও রয়েছে।

 

ঘোড়াঘাট উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মুশফিকুর রহমান বলেন, “নিয়মিত তদারকি শিক্ষকদের পেশাগত উন্নয়ন ও পাঠদানের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দীর্ঘদিন শূন্য পদ পূরণ না হওয়ায় বিদ্যালয়গুলো প্রয়োজনীয় একাডেমিক সহায়তা থেকে বঞ্চিত হচ্ছে।”

 

স্থানীয় সচেতন মহলের মতে, প্রাথমিক শিক্ষার উন্নয়নে নানা উদ্যোগ থাকলেও মাঠপর্যায়ের তদারকি ব্যবস্থার দুর্বলতার কারণে কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাচ্ছে না। তারা দ্রুত শূন্য পদগুলো পূরণের দাবি জানিয়েছেন।

 

সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল ওয়াকিল বলেন, “৬৭টি বিদ্যালয়ের মনিটরিং, শিক্ষকদের একাডেমিক সহায়তা, বিভিন্ন পরীক্ষা, তথ্য যাচাই-বাছাই এবং সব বিদ্যালয়ের অ্যাডহক কমিটির দায়িত্ব একাই পালন করতে হচ্ছে। একজন মানুষের পক্ষে সব দায়িত্ব যথাযথভাবে পালন করা কঠিন হয়ে পড়ছে। এখানে অন্তত আরও একটি পদ সৃষ্টি করা হলে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হতো।”

 

বিষয়টি নিয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আফজাল হোসেন বলেন, “ইতোমধ্যে আরেকজন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বর্তমানে মাত্র একজন কর্মকর্তা দিয়ে কাজ চালানো হচ্ছে। চাহিদা অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে বিদ্যালয় তদারকি ও শিক্ষার মানোন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )