জানা গেছে, ওই গ্রামের মৃত খয়বর আলীর ছেলে বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধী আরিফুল ইসলাম (২৮) গত ৬ জুলাই চুয়াডাঙ্গার জীবননগরে ট্রেনে কাটা পড়ে নিহত হন। পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে দূরবর্তী স্থান থেকে মরদেহ নিজ বাড়িতে নিয়ে আসার খরচ বহন করা তাদের পক্ষে সম্ভব হয়নি। পরে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় মঙ্গলবার মরদেহ গ্রামের বাড়িতে আনা হয় এবং দাফন সম্পন্ন করা হয়।
বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে নিহতের অসহায় পরিবারের পাশে দাঁড়ান মানবিক ইউএনও তানজিলা তাসনিম। তিনি নিহতের বাড়িতে গিয়ে তার মা ও ভাইয়ের হাতে ১০ হাজার টাকার আর্থিক অনুদান এবং খাদ্যসামগ্রী তুলে দেন। এ সময় পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে তাদের খোঁজখবর নেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রহমত আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান, প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম বলেন, “ নিহত আরিফুল ইসলামের পরিবারকে ১০হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও অসহায়-দুস্থ মানুষের পাশে উপজেলা প্রশাসন থাকবে।”