


রংপুরের পীরগঞ্জের বহুল আলোচিত পিতা কর্তৃক শিশু তাজমিনা আক্তার (০৬) হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবু তাহেরকে গ্রেপ্তার করেছে পীরগঞ্জ থানা পুলিশ। মামলার রায়ের এক দশক পর গাজীপুরের আশুলিয়া থানাধীন বাইবেল থেকে গত শনিবার রাতে গ্রেফতার করে।
মামলা বিবরণে জানা গেছে, রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের কাফ্রিখাল গ্রামের আশকর আলীর পুত্র আবু তাহের তার নিজ মেয়েকে পারিবারিক কলহের জেরে শ্বাসরোধে হত্যার পর পার্শ্ববর্তী শ্যামপুর গ্রামের একটি আখ ক্ষেত থেকে ২০০৭ সালের ১৩ই ডিসেম্বর লাশ উদ্ধার করে থানা পুলিশ। লাশ উদ্ধারের পর মা সালেহা বেগম বাদী হয়ে পরদিন ১৪ই ডিসেম্বর ৩০২/৩৪ ধারায় পীরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। যার নং-২০। পরবর্তীতে ময়নাতদন্তে শ্বাসরোধ করে হত্যার বিষয়ে নিশ্চিত হয়।
২০১৬ সালের অক্টোবর মাসে তার অনুপস্থিতিতে আদালত মৃত্যুদণ্ডের রায় প্রদান করেন। দীর্ঘ দশ বছর পর গোপন সূত্রে সংবাদ পেয়ে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় এসআই মো. ইমরান হোসেন অভিযান চালিয়ে ঢাকার আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন।
গ্রেফতারকৃত আসামি ছদ্মবেশে উল্লেখিত এলাকায় রিকশা-ভ্যান চালাতো বলে পুলিশ জানায়। এ বিষয়ে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ নজমূল হক জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবু তাহেরকে গ্রেফতারের পর কোট হাজতে প্রেরণ করা হয়েছে।