তবে সিনেমা ও অভিনয়ের আলোচনার মাঝেই নিজের এক ব্যক্তিগত এবং অদ্ভুত অভ্যাসের কথা প্রকাশ্যে এনেছেন এই ঢালিউড অভিনেত্রী—যেটি তিনি প্রাণপণ চেষ্টা করেও কিছুতেই বদলে ফেলতে পারছেন না।
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের সেই ‘বদভ্যাসের’ কথা নিজেই ফাঁস করেছেন জয়া আহসান। অভিনেত্রী জানান, তিনি ভীষণভাবে পান খেতে ভালোবাসেন। আর এই অভ্যাসের শেকড় পোঁতা রয়েছে তার একদম শৈশবে।
শৈশবের স্মৃতিচারণ করে জয়া বলেন, ‘ছোটবেলায় আমার ঠাকুরমা যখনই পান সাজতেন, তখনই অল্প করে আমার মুখে দিয়ে দিতেন। এইভাবেই ছোটবেলা থেকে পান খাওয়ার অভ্যাস তৈরি হয়ে গিয়েছে।’
অভ্যাসটির গভীরতা কতটা, তা বোঝাতে গিয়ে অভিনেত্রী বলেন, ‘আমি এই অভ্যাসটা পাল্টানোর চেষ্টা করছি কিন্তু কিছুতেই হচ্ছে না। আমার যখনই আমার ঠাকুমাকে মনে পড়ে তখনই আমি পান খেয়ে ফেলি। যদিও আমাকে দেখলে বোঝা যায় না যে আমি এত পান খাই। মাঝে মাঝে এও হয়েছে আমি পানের কৌটো নিয়ে অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও চলে গিয়েছি।’
পরিবারের চাপ সত্ত্বেও এই আসক্তি থেকে বের হতে পারছেন না জানিয়ে জয়া আরও যোগ করেন, ‘বাড়ির লোক বারবার বলে এই অভ্যেস পাল্টাতে কিন্তু আমার কিছুতেই এই অভ্যাস পাল্টায় না। তবে আমি নিজেও চাই যে এত পান না খেতে। কিন্তু এই অভ্যাস থেকে একেবারেই বেরোতে পারিনা আমি।’





















