
রংপুরের কাউনিয়ায় স্থানীয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং আগামী ০৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদযাপন উপলক্ষে আলোচানা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৩০ জুলাই সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে পর পর এ সভা দুটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা। আইন-শৃঙ্খলা কমিটির সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক প্রতিরোধ, চোরাচালান বন্ধ, যানজট নিরসন ও সামাজিক অপরাধ দমনে বিস্তারিত আলোচনা করা হয়।
অপরদিকে, ০৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ ভাবগাম্ভীর্য ও মর্যাদার সাথে পালনের লক্ষ্যে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় দিবসের বিভিন্ন কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক সাইদুল ইসলাম,উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সভাপতি ইদ্রিস আলী,শহীদবাগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নান।বালাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনছার, আলী,মধুপুর ইউপি চেয়ারম্যান রাশিদুল ইসলাম।
এছাড়াও সভায় উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কাউনিয়া থানার পুলিশ কর্মকর্তা এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা এলাকার সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং আগামী ০৫ আগস্টের অনুষ্ঠান সফল করতে সকল রাজনৈতিক দল, জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিত সহযোগিতা কামনা করেন।
Related