স্থানীয়দের ধারণা, নদীর অগভীর পানিতে মাছ শিকারের জন্যই বকগুলো সেখানে ওত পেতে রয়েছে।
তবে স্থানীয়রা জানান, কয়েক বছর আগেও এ এলাকায় ঝাঁকে ঝাঁকে সাদা বকের দেখা মিলত। এখন আগের মতো বড় দলে দেখা না গেলেও মাঝে-মধ্যে নদীর তীরে বকের আনাগোনা চোখে পড়ে।
সাদা বকের শুভ্র সৌন্দর্য সহজেই পথচারীদের দৃষ্টি কাড়ে। কখনো নদীর পাড়ে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, আবার কখনো খাবারের সন্ধানে একসঙ্গে উড়ে এপার-ওপার ছুটে বেড়ায়। বকের এমন দৃশ্য গ্রামীণ প্রকৃতিতে সৃষ্টি করে এক মনোমুগ্ধকর পরিবেশ।
স্থানীয় অসীম কুমার রায়, ইয়াকুব আলীসহ অনেকেই জানান, দিন দিন নদী-নালা ও জলাশয়ে মাছসহ বিভিন্ন জলজ প্রাণীর সংখ্যা কমে যাচ্ছে। জলাশয় ভরাট, প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন ও আবাসস্থল সংকুচিত হওয়ার কারণে আগের তুলনায় বকের বিচরণও অনেক কমেছে।
তারা বলেন, প্রকৃতির সৌন্দর্য ও জীববৈচিত্র্যের অন্যতম অংশ এসব পাখি। সাদা বকসহ অন্যান্য পাখির আবাসস্থল রক্ষা এবং প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করা জরুরি। তা না হলে একসময় গ্রামবাংলার পরিচিত এই সুন্দর পাখিগুলোও হারিয়ে যেতে পারে।