1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পীরগাছায় অবৈধ সার মজুদ, বেশি দামে বিক্রি, ব্যবসায়ীকে কারাদণ্ড | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

পীরগাছায় অবৈধ সার মজুদ, বেশি দামে বিক্রি, ব্যবসায়ীকে কারাদণ্ড

পীরগাছা (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৫৫ জন দেখেছেন

রংপুরের পীরগাছায় অবৈধভাবে সার মজুদ, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি ও ভেজাল বালাইনাশক রাখার অভিযোগে দুই ব্যবসায়ীকে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা এবং অপর ব্যবসায়ীকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার ছাওলা ইউনিয়নের পাওটানা হাট এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক হাসান তাহসিন।

অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াছমিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নাজমুল হক ও উপসহকারী কৃষি কর্মকর্তা সাজ্জাদুর রহমান শরীফ উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন পাওটানা হাটের হাবিবা ট্রেডার্সের স্বত্বাধিকারী আদম এলাকার ইব্রাহীম আলীর ছেলে হাবিবুর রহমান এবং সফুরা ট্রেডার্সের স্বত্বাধিকারী পূর্ব হাগুরিয়া হাসিম এলাকার আসমার উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম।

অভিযান সূত্রে জানা যায়, হাবিবা ট্রেডার্সে অবৈধভাবে সার মজুদ, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি এবং ভেজাল বালাইনাশক রাখার অভিযোগে স্বত্বাধিকারী হাবিবুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে একই ধরনের অভিযোগে সফুরা ট্রেডার্সের স্বত্বাধিকারী শফিকুল ইসলামকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। কৃষি বিভাগ জানিয়েছে, কৃষি মৌসুমে সারের সরবরাহ স্বাভাবিক রাখা এবং কৃষকদের কাছে ন্যায্যমূল্যে সার পৌঁছে দিতে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াছমিন বলেন, ‘কৃষকদের কাছে সরকারি নির্ধারিত মূল্যে সার পৌঁছে দিতে উপজেলা কৃষি বিভাগ নিয়মিত বাজার মনিটরিং করছে। কেউ অবৈধভাবে সার মজুদ বা বেশি দামে বিক্রি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক হাসান তাহসিন বলেন, ‘সরকার নির্ধারিত মূল্যের বাইরে সার বিক্রি কিংবা অবৈধভাবে সার মজুদের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরির কোনো সুযোগ নেই। কৃষকদের স্বার্থে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )