


কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার মেখলী এলাকায় ধরলা নদীর তীব্র ভাঙন রোধে দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ফুলবাড়ী উপজেলার সর্বস্তরের জনগণ ও অ্যাক্টিভিস্টা কুড়িগ্রাম-এর উদ্যোগে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন ডিস্ট্রিক্ট ক্লাইমেট নেটওয়ার্কের আহ্বায়ক এম রশিদ আলী, অ্যাক্টিভিস্টা কুড়িগ্রামের প্রতিনিধি আরজু খাতুন, ডোনেট ফর ভুরুঙ্গামারীর সদস্য চামেলী খাতুন, বড়ভিটা ইউনিয়নের ইউপি সদস্য ইলিয়াস আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বক্তারা বলেন, কয়েক বছর ধরে ধরলা নদীর আগ্রাসী ভাঙনে মেখলী এলাকায় শত শত বসতভিটা, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়েছে। বর্তমানে ভাঙনের হুমকিতে রয়েছে অসংখ্য বসতবাড়ি ও আবাদি জমি।
প্রতিনিয়ত নদীভাঙনে ছোট হয়ে আসছে এলাকার মানচিত্র। তারা আরও বলেন, ভাঙন রোধের দাবিতে স্থানীয়রা এর আগেও একাধিকবার মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। কিন্তু এখন পর্যন্ত স্থায়ীভাবে ভাঙন রোধে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে ধরলার ভাঙন অব্যাহত থাকলে একসময় মেখলীসহ আশপাশের বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বক্তারা দ্রুত মেখলী এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ করে ধরলার ভয়াবহ ভাঙন রোধে কার্যকর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানান।