শুক্রবার (২১ আগষ্ট) বেলা সাড়ে ১১টায় ঘোড়াঘাট পৌরসভার ঘোড়াঘাট ফিলিং স্টেশনের পাশে আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সম্পা বেগম গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলহার নাছিরাবাদ এলাকার সেলিম সরকারের স্ত্রী। নুছাইফা তাঁদের মেয়ে। দুর্ঘটনায় মোটরসাইকেল চালক সেলিম সরকার সুস্থ রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, সেলিম সরকার স্ত্রী ও মেয়েকে নিয়ে মোটরসাইকেলে করে গোবিন্দগঞ্জের চিত্তিপাড়া গ্রামে এক আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছিলেন। তাঁরা ঘোড়াঘাট পৌরসভার ইসলামপুর বাজার এলাকায় পৌঁছানোর আগেই গোবিন্দগঞ্জের দিক থেকে দিনাজপুরগামী একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়।
এতে মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়েন সম্পা ও নুছাইফা। পরে ট্রাকটি তাঁদের ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মা-মেয়ের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। ট্রাকটি শনাক্ত করে চালককে আটকের চেষ্টা চলছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।