


রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় গাইবান্ধায় তিনদিনব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে। মঙ্গলবার গাইবান্ধা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে স্থানীয় স্বাধীনতা প্রাঙ্গণে এই মেলা শুরু হয়।
প্রথম দিনে মেলা উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের বাসভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. খোরশেদ আলমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মোশাররফ হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদ আল হাসান, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. শাহাদৎ হোসেন, জেলা জামায়াতের আমীর মো. আব্দুল করিম প্রমুখ।
শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। মেলায় ২০টি স্টল বসানো হয়েছে।