


কোনো পত্রিকা অফিসে ভাঙচুর টলারেট (সহ্য) করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম।
তিনি বলেন, গণমাধ্যমের প্রতি ক্ষোভ থাকলে শান্তিপূর্ণভাবে করুন। কোনো পত্রিকা ভাঙচুর করা আমরা সমর্থন করি না। এমন ঘটনা টলারেট করা হবে না। সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিন কলেজের সংঘর্ষ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, পুলিশের দুর্বলতা ছিল বলেই ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের ঘটনাটি সংঘর্ষের দিকে গেছে, এটা স্বীকার করছি। পুলিশ শিক্ষার্থীদের বাধা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু সংঘর্ষে জড়ায়নি।
এদিকে, প্রথম আলোর সামনে আজও বিক্ষোভ হয়েছে, তাদের রাজশাহী অফিসে হামলা হয়েছে। এ প্রসঙ্গে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, প্রথম আলো নিয়ে উত্তেজনা দেখতে পাচ্ছি। আজ অফিসে ভাঙচুর হয়েছে। আমাদের বক্তব্য হলো, গণমাধ্যমের প্রতি ক্ষোভ থাকলে শান্তিপূর্ণভাবে করুন। কোনো পত্রিকা ভাঙচুর করা আমরা সমর্থন করি না। এমন ঘটনা টলারেট করা হবে না।