বৃহস্পতিবার সন্ধ্যায় ছবিগুলো প্রকাশ করেন অপু বিশ্বাস। দেখা যায়, লাল রঙের ভারী কারুকাজ করা শাড়িতে মেলে ধরেছেন নায়িকা। সাথে ভারী সোনার অলংকার, সুন্দর মেকআপ এবং চুলের স্টাইল; যা তাকে এক রাজকীয় লুক এনে দেয়।ছবির ক্যাপশনে অপু বিশ্বাস একটি বার্তাও রাখেন! লেখেন, ‘সব রানীর রাজার প্রয়োজন হয় না। মাঝেমধ্যে নিজের রাজত্ব, একটি স্বপ্ন আর সামান্য কিছু অলংকারই যথেষ্ট।’
অপু বিশ্বাসের এই নতুন ফ্যাশন, আউটলুক এবং ফটোশুট নিয়ে নেটিজেনদের মন্তব্যগুলো ছিল বেশ ইতিবাচক। অনেকেই তার প্রশংসা করেছেন। একজন মন্তব্য করেছেন, এখন পর্যন্ত যত সাজ সেজেছেন তার মধ্যে এইটা সেরা। অন্য একজন লিখেছেন, অনেক সুন্দর।
দীর্ঘ ক্যারিয়ারে নানা চড়াই-উতরাই পেরিয়ে অপু বিশ্বাস এখনো ঢালিউডে নিজের জনপ্রিয়তা ধরে রেখেছেন। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন ফ্যাশন হাউজ ও ব্র্যান্ডের ফটোশুটে তার সক্রিয় উপস্থিতি নজর কাড়ছে।













