


নীলফামারীর সৈয়দপুরে চলতি অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মর্সচির আওতায় বিভিন্ন ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। বুধবার (৬অক্টোবর) বেলা ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের সামনে বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নুর-ই-আলম সিদ্দিকী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষক-কৃষাণীদের হাতে বিভিন্ন ফসলের বীজ ও রাসায়নিক সার তুলে দিয়ে বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
সৈয়দপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ধীমান ভূষনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ শারমিন সুলতানা, উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মির্জা মো. আবু সাইদ, সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উত্তম কুমার রায়, উপজেলার বিভিন্ন কৃষি ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা ও সুবিধাভোগী কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
সৈয়দপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার পাঁচটি ইউনিয়ন ও পৌরসভা এলাকার মোট এক হাজার ৮শ’ ৭০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণী বিনামূল্যে সার ও রাসায়নিক সার পাবেন। এদের মধ্যে উপজেলার কামারপুকুর ইউনিয়নে ২৮০ জন, কাশিরাম বেলপুকুর ইউনিয়নে ৪২৫ জন, বাঙ্গালীপুর ইউনিয়নে ৩১০ জন, বোতলাগাড়ী ইউনিয়নে ৩৯০ জন, খাতামধুপুর ইউনিয়নে ১৬০ জন এবং পৌরসভা এলাকার ১৬০ জন কৃষক-কৃষাণী রয়েছেন। বিতরণকৃত ফসলের বীজের মধ্যে গম , ভূট্টা, সরিষা, সয়াবিন, শীতকালীণ পেঁয়াজ, মুগ ও অড়হর এবং ডিএপি ও এমওপি সার।
এদের মধ্যে ৪০০ জনকে ২ কেজি করে গম বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার, ৬০০ জন দুই কেজি করে ভূট্টা বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি, ৮০০ জন এক কেজি করে সরিষা বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি, ২০ জন আট কেজি করে সয়াবিন বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার। ২০ জন এক কেজি করে শীতকালীণ পেঁয়াজ বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি, ২০ জন ৫ কেজি করে মুগ ডাল, ১০ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি এবং ১০জন দুই কেজি করে অড়হড় বীজ, ৫ কেজি ডিএপি এবং ৫ কেজি এমওপি। প্রত্যেকজন কৃষক-কৃষানী এক বিঘা জমির জন্য উল্লিখিত পরিমাণ বীজ ও সার পাবেন।