1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কুমিরের মুখে কুকুরের সেই ঘটনা নিয়ে তারকাদের ক্ষোভ | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

কুমিরের মুখে কুকুরের সেই ঘটনা নিয়ে তারকাদের ক্ষোভ

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১১৮ জন দেখেছেন

বাগেরহাটের হজরত খানজাহান (রহ.)-এর মাজারের দিঘিতে একটি কুকুরকে কুমিরের মুখের সামনে পড়ার ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। চোখের সামনে এমন একটি ঘটনা দেখেও উপস্থিত কেউ কুকুরটিকে বাঁচাতে এগিয়ে যাননি, বরং দর্শনার্থীরা দাঁড়িয়ে ভিডিও ধারণ করছিলেন।

এমন ঘটনা অমানবিকতার দৃষ্টান্ত উল্লেখ করে তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন দেশের শোবিজ তারকারা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই ঘটনার ভিডিও দেখে মর্মাহত হয়েছেন গায়ক তানজীব সারোয়ার। তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘মৃত্যুর আগপর্যন্ত তাকিয়ে ছিল। শেষ মুহূর্ত পর্যন্ত ও ভেবেছিল, ওর এই বিশ্বস্ত লোকটা তাকে বাঁচাবে। কিন্তু এখানে কুমিরের দোষ নেই; কারণ, কুমিরের খিদে পেলে সে দেখামাত্রই খেয়ে ফেলে। আর এখানে নিরীহ কুকুর, এটাই কি মনুষ্যত্ব?’

সমাজে মানবিকতার এমন চরম বিপর্যয়ে দেশের মানুষের মানসিকতা নিয়ে কড়া সমালোচনা করেছেন অভিনেতা ইরফান সাজ্জাদ। তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘ঘটনাটা এতক্ষণে হয়তো আপনারা সবাই জানেন। আসলে এ দেশে মানুষের চেয়ে অমানুষের সংখ্যা বেশি। সভ্যদের চাইতে অসভ্যর সংখ্যা বেশি। দেশ খারাপ না ভাই, দেশের মানুষগুলো খুব খারাপ! তাই দেশটা আগায় না।’ পাশাপাশি সরকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি আরও যোগ করেন, ‘মাননীয় সরকার, দেশের মানুষগুলো ঠিক করেন, দেশ অটো ঠিক হয়ে যাবে।’

প্রাণী অধিকার রক্ষায় বরাবরই সোচ্চার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তিনিও এই ঘটনার একটি পোস্ট শেয়ার করে নিজের টাইমলাইনে ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেছেন। সেই পোস্টে লেখা ছিল, ‘একজনের কনটেন্ট বানানো আর মজা করার জন্য যে তাকে নির্মমভাবে অনর্থক মরতে হবে, এটা সে বোঝেনি। বোকা কুকুর!’

উল্লেখ্য, এ ঘটনা নিয়ে মাজারের খাদেম, নিরাপত্তাকর্মী ও প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমে দাবি করেন, ঘটনাটি গত ৮ এপ্রিল বুধবার বিকেলের। দিঘির পাড়ে একটি অসুস্থ কুকুর শিশুসহ কয়েকজনকে কামড়ে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে কয়েকজন কুকুরটিকে তাড়া করলে সেটি ঘাটের দিকে যায়। সেখানে মাজারের ফোরকান নামের এক নিরাপত্তারক্ষীকে আঁচড় দেওয়ার পর তিনি পা ঝাড়া দিলে কুকুরটি পানিতে পড়ে যায়। এরপর মুহূর্তের মধ্যেই দিঘির কুমিরটি এসে কুকুরটিকে টেনে পানির নিচে নিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )