1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
তৃতীয় বিয়ের পথে আমির? গৌরীকে নিয়ে নতুন জল্পনা | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

তৃতীয় বিয়ের পথে আমির? গৌরীকে নিয়ে নতুন জল্পনা

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১৫ জন দেখেছেন

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানকে নিয়ে নতুন করে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। শোনা যাচ্ছে, প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্ককে এবার আনুষ্ঠানিক রূপ দিতে চলেছেন এই অভিনেতা। ফলে তার তৃতীয় বিয়ের গুঞ্জন আবারও চর্চার কেন্দ্রে উঠে এসেছে। চলতি বছরের মার্চে নিজের ৬০তম জন্মদিনে গণমাধ্যমের সামনে গৌরী স্প্র্যাটকে পরিচয় করিয়ে দেন আমির। সেসময় তিনি জানান, দীর্ঘদিনের পরিচয় থাকলেও কয়েক বছর আগে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। এরপর থেকেই দুজনকে নিয়ে শুরু হয় নানা আলোচনা।

ভারতীয় গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রায় ২৫ বছর আগে বেঙ্গালুরুতে প্রথম পরিচয় হয়েছিল আমির ও গৌরীর। তবে সম্পর্কের গভীরতা বাড়ে সাম্প্রতিক বছরগুলোতে। বর্তমানে তারা একে অপরের খুব কাছের মানুষ বলেও জানা গেছে। এদিকে বলিউডের অন্দরমহলে গুঞ্জন, খুব শিগগির গৌরীর সঙ্গে নতুন জীবন শুরু করতে পারেন আমির। শোনা যাচ্ছে, বড় কোনো আয়োজন নয়, বরং পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়া পরিবেশেই সবকিছু সম্পন্ন করতে চান তিনি।

কিছু সূত্রের দাবি, আগামী ৫ জুলাই বিশেষ একটি অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে অভিনেতার। যদিও এ বিষয়ে আমির খান কিংবা তার টিমের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। তবে বিয়ে নিয়ে এর আগে বেশ খোলামেলা কথা বলেছেন আমির। অভিনেত্রী রিয়া চক্রবর্তীর পডকাস্টে তিনি জানিয়েছিলেন, ৬০ বছর বয়সে এসে নতুন করে বিয়ের সিদ্ধান্ত নেওয়া সহজ নয়। সেই সাক্ষাৎকারে আমির বলেন, বর্তমানে তিনি পরিবার, সন্তান ও কাছের মানুষদের নিয়ে সময় কাটাতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। পাশাপাশি তিনি স্বীকার করেন, তার আগের দুটি বিয়ে সফল হয়নি। তারপরও সাবেক স্ত্রী রিনা দত্ত ও কিরণ রাওয়ের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে। আমির আরও বলেন, তিনি একা থাকতে পছন্দ করেন না এবং জীবনে একজন সঙ্গীর প্রয়োজন অনুভব করেন।

তবে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা কঠিন বলেও মন্তব্য করেছিলেন তিনি। এর আগে অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে আমিরের সম্পর্ক নিয়েও নানা গুঞ্জন শোনা গিয়েছিল। যদিও সে বিষয়ে কখনো প্রকাশ্যে মুখ খোলেননি অভিনেতা। এখন বলিউডের নজর গৌরী স্প্র্যাটকে ঘিরেই। সত্যিই কি তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান, নাকি সবই গুঞ্জন- সেই উত্তর সময়ই দেবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )