


মক্কায় সই হওয়া এই চুক্তিতে বলা হয়েছে, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। এর মাধ্যমে সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্য নিয়েছে দেশগুলো।
অন্যদিকে সৌদি আরবের আর্থিক ও জ্বালানি সহায়তা পাকিস্তানের জন্য বড় সুবিধা হতে পারে। দ্রুত অস্ত্র কেনা ও সামরিক আধুনিকায়ন চালিয়ে যাওয়ার ক্ষেত্রে সৌদি অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
পাকিস্তান, তুরস্ক ও সৌদি জোটকে শুধু কূটনৈতিক সমঝোতা হিসেবে দেখলে এর পুরো গুরুত্ব বোঝা যাবে না। ভারতের সামরিক পরিকল্পনার ওপরও এর সরাসরি প্রভাব পড়তে পারে। একদিকে পাকিস্তানের সামরিক সক্ষমতা বাড়তে পারে, অন্যদিকে ভারত-পাকিস্তান সংঘাত শুরু হলে যুদ্ধ দ্রুত থামাতে আন্তর্জাতিক চাপ আরও বাড়তে পারে। এতে ভারতের হাতে সামরিক লক্ষ্য অর্জনের সময় কমে যেতে পারে।
ভবিষ্যতে ভারত ও পাকিস্তান সংঘাত দীর্ঘমেয়াদি যুদ্ধের বদলে স্বল্পমেয়াদি ও রাজনৈতিকভাবে নিয়ন্ত্রিত সংঘাতে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। যুদ্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই আন্তর্জাতিক মহল সংঘাত বন্ধে কূটনৈতিক তৎপরতা শুরু করতে পারে।
এ ধরনের পরিস্থিতি ভারতের জন্য চ্যালেঞ্জ তৈরি করবে। কারণ সামরিক অভিযানে নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য প্রতিপক্ষের সক্ষমতা কমানো, সেই সুযোগ কাজে লাগানো, নিজেদের অবস্থান শক্ত করা এবং শেষ পর্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ফল অর্জন, এসব করতে সময় প্রয়োজন। অন্যদিকে পাকিস্তানের কৌশল হতে পারে আঘাত সহ্য করে যুদ্ধবিরতি কার্যকর হওয়া পর্যন্ত টিকে থাকা। ফলে যুদ্ধের সময় কমে গেলে ভারতের তুলনায় পাকিস্তানের ওপর তার প্রভাব কম হতে পারে।
বদলে যাচ্ছে সৌদি আরবের ভূমিকা
ভারত ও পাকিস্তান এই দুই দেশের সঙ্গেই সৌদি আরবের গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ভারতের সঙ্গে দেশটির জ্বালানি, বিনিয়োগ ও বাণিজ্যিক সম্পর্ক গভীর। একই সঙ্গে পাকিস্তানের সঙ্গে সৌদির প্রতিরক্ষা সহযোগিতা ও আর্থিক সম্পর্কও দীর্ঘদিনের।
সৌদি আরবের অন্যতম স্বার্থ হলো দীর্ঘমেয়াদি যুদ্ধ এড়ানো। দীর্ঘ সংঘাত আঞ্চলিক স্থিতিশীলতা, জ্বালানি বাজার এবং দেশটির ‘ভিশন ২০৩০’ পরিকল্পনার জন্য ঝুঁকি তৈরি করতে পারে।
তবে নতুন চুক্তির পর সৌদি আরবের অবস্থানে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। আগে ভারত-পাকিস্তান উত্তেজনায় দেশটিকে তুলনামূলক নিরপেক্ষ তৃতীয় পক্ষ হিসেবে দেখা হতো। এখন তারা পাকিস্তানের আনুষ্ঠানিক প্রতিরক্ষা অংশীদার।
ফলে পাকিস্তানের সামরিক নেতৃত্বের সঙ্গে সৌদি আরবের সরাসরি যোগাযোগ ও সহযোগিতার সুযোগ বাড়বে। একই সঙ্গে পাকিস্তান চুক্তির আওতায় সৌদির কাছ থেকে সহযোগিতা চাওয়ার আরও শক্তিশালী ভিত্তি পাবে।
পাকিস্তানের সামরিক সক্ষমতায় নতুন শক্তি
পাকিস্তানের কাছে চীনা যুদ্ধবিমান, দীর্ঘপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, নির্ভুল আঘাতের অস্ত্র, নৌযান এবং স্যাটেলাইটভিত্তিক প্রযুক্তি রয়েছে। গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি ও শনাক্তকরণ, কৃত্রিম বুদ্ধিমত্তা, কমান্ড অ্যান্ড কন্ট্রোল, ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং ইলেকট্রনিক যুদ্ধেও চীন-পাকিস্তান সহযোগিতা বাড়ছে।
ভবিষ্যতে পাকিস্তান চীনের জে-৩৫-এর মতো পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান পেলে দুই দেশের সামরিক সম্পর্ক আরও শক্তিশালী হতে পারে।
নতুন সরবরাহ ব্যবস্থা
এই জোটের বড় সুবিধা হতে পারে দ্রুত সরবরাহ ব্যবস্থা। সৌদি অর্থায়নে পাকিস্তান দ্রুত প্রয়োজনীয় অস্ত্র কিনতে পারবে। পাশাপাশি তুরস্ক এমন কিছু প্রযুক্তি দিতে পারে, যা চীনের সহযোগিতার বাইরে পাকিস্তানের সামরিক সক্ষমতায় নতুন মাত্রা যোগ করবে।
তবে চীন ও তুরস্কের সামরিক প্রযুক্তি পুরোপুরি একীভূত করা সহজ হবে না। কমান্ড, ডেটা লিংক, স্যাটেলাইট ব্যবস্থা, সফটওয়্যার ও সাইবার নিরাপত্তায় পার্থক্য রয়েছে। একটি পূর্ণাঙ্গ সমন্বিত সামরিক ব্যবস্থা গড়ে তুলতে সময় লাগতে পারে। তবে গোলাবারুদ, ড্রোন, ইলেকট্রনিক যুদ্ধের সরঞ্জাম ও খুচরা যন্ত্রাংশ দ্রুত সরবরাহ করা সম্ভব। স্বল্পমেয়াদি সংঘাতে এই সক্ষমতা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
নজরদারি ও হামলার সক্ষমতা বাড়ার সম্ভাবনা
চীন ও তুরস্কের সামরিক সক্ষমতা একত্র হলে পাকিস্তানের যুদ্ধক্ষেত্রের নজরদারি আরও শক্তিশালী হতে পারে। চীন স্যাটেলাইট ও আকাশভিত্তিক সেন্সরের মাধ্যমে কৌশলগত তথ্য দিতে পারে। অন্যদিকে তুরস্কের ড্রোন যুদ্ধক্ষেত্রের কৌশলগত ও ট্যাকটিক্যাল পর্যায়ে নজরদারির সুযোগ বাড়াতে পারে।
এর ফলে ভারতীয় সেনাদের মোতায়েন, রিজার্ভ বাহিনীর চলাচল, সরবরাহ ব্যবস্থা ও সামরিক স্থাপনা শনাক্ত করা সহজ হতে পারে।
দীর্ঘপাল্লার নির্ভুল ক্ষেপণাস্ত্র ব্যবহারের ক্ষেত্রেও লক্ষ্য শনাক্তকরণ গুরুত্বপূর্ণ। চীনের কৌশলগত নজরদারি ও তুরস্কের ড্রোনভিত্তিক নজরদারি একত্র হলে পাকিস্তানের দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাতের সক্ষমতা বাড়তে পারে।
ড্রোন ও ইলেকট্রনিক যুদ্ধ বড় চ্যালেঞ্জ
ইউক্রেন, নাগোরনো কারাবাখ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাত দেখিয়েছে, কম খরচের ড্রোন এবং ইলেকট্রনিক যুদ্ধব্যবস্থা প্রচলিত সামরিক বাহিনীর ওপর বড় চাপ তৈরি করতে পারে।
তুরস্কের ড্রোন ও ইলেকট্রনিক যুদ্ধের অভিজ্ঞতা পাকিস্তানের বিমান ও স্থলবাহিনীর সক্ষমতার সঙ্গে যুক্ত হলে পাকিস্তান বাড়তি সুবিধা পেতে পারে।
ভারতের জন্যও এটি বড় চ্যালেঞ্জ। একই সময়ে আকাশ প্রতিরক্ষা, শত্রু বিমানের মোকাবিলা, কৌশলগত হামলা এবং স্থলবাহিনীকে সহায়তা করতে গিয়ে সীমিত যুদ্ধবিমান সক্ষমতার ওপর চাপ তৈরি হতে পারে।
তাই ভবিষ্যতের যুদ্ধে ড্রোন প্রতিরোধ এবং ইলেকট্রনিক যুদ্ধ শুধু অস্ত্র কেনার বিষয় নয়; এগুলো সামরিক পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে।
ভারতের সামনে দুটি পথ
পাকিস্তান দ্রুত সামরিক সক্ষমতা বাড়াতে বিভিন্ন দেশের সহযোগিতা নিচ্ছে। এতে প্রযুক্তিগত নির্ভরতা বাড়ার ঝুঁকি থাকলেও দ্রুত আধুনিকায়নের ক্ষেত্রে এটি কার্যকর হতে পারে।
ভারতের অর্থনীতি বড় এবং নিজস্ব বৈজ্ঞানিক ও শিল্প সক্ষমতাও রয়েছে। তাই দীর্ঘমেয়াদে নিজস্ব প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালী করা ভারতের জন্য গুরুত্বপূর্ণ।
তবে নিজস্ব প্রযুক্তি তৈরিতে সময় লাগে। ফলে ভারতের সামনে দ্বৈত কৌশল নেওয়ার সুযোগ রয়েছে। একদিকে নিজস্ব প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালী করা, অন্যদিকে তাৎক্ষণিক ঘাটতি পূরণে বিদেশি প্রযুক্তি কেনা বা যৌথভাবে উৎপাদন করা।
কেন এখন এই চুক্তি?
তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে যৌথ প্রতিরক্ষা সহযোগিতার আলোচনা নতুন নয়। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলা এবং এরপর গাজায় ইসরায়েলের অভিযান শুরুর পর আঞ্চলিক নিরাপত্তা নিয়ে তিন দেশের উদ্বেগ বাড়ে। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতের মধ্যেও এই আলোচনা গতি পায়।
সৌদি আরবের ক্ষেত্রে পরিস্থিতি আরও গুরুত্বপূর্ণ। দেশটিতে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা রয়েছে এবং অতীতে ইরান ও ইয়েমেনের হুথিদের হামলার লক্ষ্যও হয়েছে সৌদি ভূখণ্ড।মূলত বিদ্যমান নিরাপত্তাব্যবস্থার ওপর আস্থা কমে যাওয়ায় তিন দেশ নিজেদের আঞ্চলিক কৌশলগত স্বাধীনতা বাড়াতে চাইছে।
চুক্তিতে কী থাকছে?
তিন দেশের সামরিক ও অর্থনৈতিক শক্তিকে একসঙ্গে কাজে লাগানোই চুক্তির অন্যতম লক্ষ্য। তুরস্কের রয়েছে শক্তিশালী প্রতিরক্ষা শিল্প ও ন্যাটোর বড় সামরিক বাহিনী। সৌদি আরবের রয়েছে বিপুল আর্থিক সক্ষমতা। আর পাকিস্তান পারমাণবিক অস্ত্রধারী একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ।
এই তিন দেশের শক্তি পরস্পরকে পরিপূরক করতে পারে। তুরস্ক দেবে প্রতিরক্ষা প্রযুক্তি, সৌদি আরব আর্থিক শক্তি ও প্রভাব এবং পাকিস্তান সামরিক অভিজ্ঞতা ও কৌশলগত প্রতিরোধ সক্ষমতা।
তবে এটি ন্যাটোর মতো সরাসরি পারস্পরিক প্রতিরক্ষা জোট নয়। বরং তিনটি আঞ্চলিক শক্তির মধ্যে সামরিক, কৌশলগত ও প্রতিরক্ষা শিল্পে ঘনিষ্ঠ সমন্বয়ের একটি কাঠামো।
সামনে কী
এই জোটের সবচেয়ে বড় প্রভাব শুধু পাকিস্তানের সামরিক শক্তি বাড়ানো নয়; দেশটির রাজনৈতিক আত্মবিশ্বাসও বাড়তে পারে। সৌদির সমর্থন, তুরস্কের প্রযুক্তি এবং চীনের সামরিক সহযোগিতা পাকিস্তানকে আরও শক্তিশালী নিরাপত্তা কাঠামোর মধ্যে নিয়ে যেতে পারে।
সব মিলিয়ে পাকিস্তান-তুরস্ক-সৌদি জোটকে শুধু একটি কূটনৈতিক সমঝোতা হিসেবে দেখার সুযোগ নেই। এটি ভবিষ্যতে ভারত-পাকিস্তান সংঘাতের সামরিক হিসাব যেমন বদলাতে পারে, তেমনি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামোতেও নতুন সমীকরণ তৈরি করতে পারে।