


রংপুরের গঙ্গাচড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী– উদযাপন শুরু হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহফুজার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা দীপা রানী বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ শাহিনুর ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা আবতাবুজ্জামান চয়ন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোসাদ্দেকুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজিবুল করীম, খেলাফত মজলিসের রংপুর-১ আসনের মনোনীত প্রার্থী মমিনুর রহমান এবং ইসলামি আন্দোলনের সভাপতি ইউনুস আলী। এছাড়া বিভিন্ন খামারি, শিক্ষার্থী, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ মানুষও কর্মসূচিতে অংশ নেন।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা বলেন, দেশীয় জাত সংরক্ষণ, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করা সম্ভব। প্রাণিসম্পদ সপ্তাহ খামারি ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, প্রশিক্ষণ, সচেতনতামূলক কার্যক্রম ও প্রাণিসম্পদ প্রদর্শনী।