


নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বাউস্ট) নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
সোমবার (৩১ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের চত্বরে বেলুন উড়িয়ে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার, পিএসসি।
এছাড়াও নজরুল বর্ষ উদযাপনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের এক সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে মূল আলোচক ছিলেন বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে আয়োজিত সেমিনারে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ সালাহউদ্দিন নয়ন, পিএসসি (অবঃ)। তিনি তাঁর বক্তব্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও কর্ম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তাঁর আলোচনায় নজরুলের সংগ্রামী জীবন, সাহিত্যকর্ম এবং সমাজ ও মানুষের প্রতি তাঁর দায়বদ্ধতার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
সেমিনারের শেষে শিক্ষার্থীদের অংশ গ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিভিন্ন কবিতা আবৃত্তি ও নজরুল সংগীত পরিবেশন করে। তাঁদের প্রাণবন্ত পরিবেশনায় বিশ্ববিদ্যালয়ের সেমিনার হল মুখরিত হয়ে ওঠে এবং উপস্থিত শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নজরুল বর্ষ উদযাপনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ে আগামী ২ সেপ্টেম্বর থেকে বিভিন্ন বিষয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হবে।
নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত এই সাংস্কৃতিক প্রতিযোগিতা, সেমিনার ও সাংস্কৃতিক পরিবেশনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি বাংলা সাহিত্য ও সংস্কৃতির প্রতি তাঁদের আগ্রহ ও অনুরাগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
বাউস্টের কালচারাল সোসাইটির সার্বিক সহযোগিতায় এবং ছাত্র কল্যাণের দপ্তরের উপদেষ্টার সার্বিক তত্ত¡াবধানে আয়োজিত এ কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও মানবিক চেতনার চর্চা আরও বেগবান হবে।
উদ্বোধনী অনুষ্ঠান ও সেমিনারে অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্নেল চৌধুরী সাইফ উদ্দিনকাউসার, পিবিজিএম (অবঃ). ট্রেজারার লেফটেন্যান্ট কর্নেল ড. মো. শামীম রেজা (অব.) ছাড়াও বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডীন, বিভাগীয় ও দপ্তর প্রধান, শিক্ষক, কর্মকর্তা- কর্মচারী এবং শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।