


বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে গাইবান্ধার সাঘাটায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার গাইবান্ধার সাঘাটা বিএনপির উদ্যোগে স্থানীয় পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ৮০ দশকের তুখোড় ছাত্রনেতা ডাকসুর এজিএস ও এফ রহমান হলের ভিপি সফিকুল ইসলাম টিপু মন্ডল। দোয়া মাহফিলে সর্বস্তরের হাজারো মানুষ অংশ নেন। উপজেলা যুবদলের আহ্বায়ক আহমেদ কবীর শাহীনের সঞ্চালনায় দোয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মইন প্রধান লাবু, যুবদলের যুগ্ম আহ্বায়ক রাঙ্গা মন্ডল প্রমুখ।
দোয়া অনুষ্ঠানের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে সফিকুল ইসলাম টিপু মন্ডল বলেন, খালেদা জিয়া এবং বিএনপি ছাড়া আর কোনো দল গণতন্ত্র লালন করে না। দেশের এবং গণতন্ত্রের জন্য তাঁর বেঁচে থাকা খুবই প্রয়োজন। খালেদা জিয়ার অসুস্থতায় দেশ বিদেশের সব বাংলাদেশি মানুষ উদ্বিগ্ন। গণতন্ত্রের এই নেত্রীর জন্য টিপু মন্ডল ধর্ম দলমত নির্বিশেষে সকলের দোয়া কামনা করেন। দোয়া পরিচালনা করেন মাওলানা হারুনর রশীদ।