আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-১ আসন (হাতীবান্ধা–পাটগ্রাম) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ উদ্যোক্তা শিহাব আহমেদ। রবিবার (২৮ ডিসেম্বর) বিকেলে হাতীবান্ধা উপজেলা নির্বাচন অফিসে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ আসনে মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন। এর মধ্যে ৭ জন দলীয় এবং ৩ জন স্বতন্ত্র প্রার্থী। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে শিহাব আহমেদ গত ১০ ডিসেম্বর মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিহাব আহমেদ বলেন, “আমি বেকারদের জন্য কাজ করতে চাই। যদি জনগণের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হই, তাহলে চুরি করে খাব না, কাউকে চুরি করতেও দেব না। আমি সবার জন্য কাজ করতে চাই। এমপি হলে সব প্রার্থীকে সঙ্গে নিয়েই এলাকার উন্নয়নে কাজ করব।”
তিনি আরও বলেন, “দুই উপজেলাতেই আমি ব্যাপক সাড়া পাচ্ছি। জনগণই আমার শক্তি। আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।” এ সময় তিনি অভিযোগ করেন, তার কর্মী-সমর্থকদের বিভিন্নভাবে হুমকি ও চাপ দেওয়া হচ্ছে।
হাতীবান্ধা উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারুক আহমেদ জানান, এ পর্যন্ত ১০ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন। এর মধ্যে ৭ জন দলীয় এবং ৩ জন স্বতন্ত্র প্রার্থী। এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অফরিন হক বলেন, “এখন পর্যন্ত শুধু স্বতন্ত্র প্রার্থী শিহাব আহমেদ মনোনয়নপত্র জমা দিয়েছেন।”