


রংপুরের পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় পাঁচগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবলু মিয়ার মৃত্যু হয়েছে। জানা গেছে, গত বুধবার (২১ জানুয়ারি) উপজেলার ১১ নং পাঁচগাছি ইউনিয়নের চেয়ারম্যান বাবলু মিয়া মোটরসাইকেল যোগে সস্ত্রীক সন্ধ্যার পর জেলা শহর রংপুর থেকে বাড়ী ফিরছিলেন।
পথিমধ্যে শঠিবাড়ী নামক স্থানে সড়ক দুর্ঘটনায় স্বামী, স্ত্রী দুজনেই গুরুতর আহত হন। এরপর দুজনকেই পার্শ্ববর্তী মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে শারিরীক অবস্থার অবনতি হলে ওই রাতেই তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চেয়ারম্যান বাবলু মিয়ার শারীরিক অবস্থার আরো অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার (২২ জানুয়ারী) রাতে সড়কপথে তাঁকে ঢাকায় নেয়ার সময় বগুড়ায় তাঁর অসুস্থতা বেড়ে গেলে বগুড়ার একটি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে তাঁর মৃত্যু হয়।
তাঁর মৃত্যুতে পীরগঞ্জ উপজেলার ইউনিয়ন চেয়ারম্যান অ্যাসোসিয়েশন গভীর শোক প্রকাশ করেছেন। শুক্রবার বাদ জুম্মা জানাযা শেষে পাঁচগাছিস্থ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। চেয়ারম্যানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার জানাজায় উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ,এলাকার সুধীজন ছাড়াও কয়েক হাজার জনমানুষ অংশ নেন। তিনি স্ত্রী ,২ কন্যা,বাবা মাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বিভিন্ন রাজনৈতিক দল ,ইউপি চেয়ারম্যান সমিতিসহ বিভিন্ন পেশাজীবি সংগঠন তার রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।