1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নিরাপদ দুগ্ধ উৎপাদন, পরিবহন ও সংরক্ষণে জোর | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

ব্র্যাক ডেইরির প্রশিক্ষণ: নিরাপদ দুগ্ধ উৎপাদন, পরিবহন ও সংরক্ষণে জোর

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ১০ জন দেখেছেন

“নিরাপদ দুধ পান করি, সুস্থ জীবন গড়ি” এই স্লোগানকে সামনে রেখে রংপুরের বদরগঞ্জ উপজেলায় ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টের উদ্যোগে “নিরাপদ দুগ্ধ উৎপাদন, পরিবহন ও সংরক্ষণ” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আয়োজিত এ প্রশিক্ষণে বদরগঞ্জসহ আশপাশের বিভিন্ন উপজেলার প্রায় ১০০ জন দুগ্ধ খামারি অংশ নেন। প্রশিক্ষণে নিরাপদ দুধ উৎপাদন, পরিবহন ও সংরক্ষণের চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি খামার ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার, স্বাস্থ্যসম্মত পদ্ধতিতে দুধ সংগ্রহ এবং ভেজালমুক্ত দুগ্ধ নিশ্চিত করার বিভিন্ন কৌশল তুলে ধরা হয়।

আয়োজকরা জানান, ভেজালযুক্ত দুধ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। তাই উৎপাদন থেকে ভোক্তার হাতে পৌঁছানো পর্যন্ত প্রতিটি ধাপে নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যেই খামারিদের সচেতনতা বাড়াতে এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আনজুমান সুলতানা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. স্বপন চন্দ্র সরকার, জেলা খাদ্য পরিদর্শক মো. লোকমান হোসেন এবং জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. লোকমান হাসেন।

 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ব্র্যাক ডেইরি নিয়মিতভাবে খামারিদের কাছ থেকে দুধ সংগ্রহ করে এবং সংরক্ষণ ও পরিবহনে কঠোর মান নিয়ন্ত্রণ বজায় রাখে। চিলিং সেন্টার পরিদর্শনে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ভবিষ্যতেও নিরাপদ ও মানসম্মত দুধ সরবরাহে ব্র্যাক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেন তিনি। বিশেষ অতিথিরা আশা প্রকাশ করেন, প্রশিক্ষণের মাধ্যমে খামারিরা আধুনিক জ্ঞান ও প্রযুক্তি কাজে লাগিয়ে স্বাস্থ্যসম্মতভাবে দুধ উৎপাদন ও সরবরাহে আরও সচেতন হবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টের রংপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. আল-আমিন এবং সঞ্চালনা করেন এরিয়া ম্যানেজার মো. সাইদুল ইসলাম। এছাড়া ভেটেরিনারি সার্জন ডা. মো. আনারুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য দেন।

আঞ্চলিক ব্যবস্থাপক মো. আল-আমিন জানান, ব্র্যাক ডেইরি সারা দেশে ১১৪ টি চিলিং সেন্টার ও ৭০টি কালেকশন পয়েন্টের মাধ্যমে কঠোর মান নিয়ন্ত্রণে নিরাপদ দুধ সংগ্রহ করে থাকে। খামার পর্যায়ে সচেতনতা বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী প্রতিটি খামারিকে দুধ পরিবহনের জন্য ব্র্যাক ডেইরির পক্ষ থেকে একটি করে মিল্ক ক্যান প্রদান করা হয়। অংশগ্রহণকারীরা প্রশিক্ষণকে সময়োপযোগী ও বাস্তবধর্মী হিসেবে উল্লেখ করে এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )