প্রাথমিক শিক্ষকদের বদলি ব্যবস্থায় দীর্ঘদিনের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ও দুর্নীতি দূর করতে প্রক্রিয়াটি মাঠপর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে। নতুন নিয়মে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে চার সদস্যের কমিটিসহ জেলা, বিভাগ ও সিটি করপোরেশন পর্যায়ে পৃথক কমিটি গঠন করে আবেদন যাচাই ও নিষ্পত্তি করা হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বদলি ব্যবস্থাকে মাঠপর্যায়ে নিয়ে যাওয়া এবং পদোন্নতি কাঠামো পুনর্বিন্যাসের এই দুই উদ্যোগ বাস্তবায়ন হলে প্রাথমিক শিক্ষা প্রশাসনে দীর্ঘমেয়াদি পরিবর্তন আসতে পারে। যদিও এখনও এসব পরিবর্তনের বড় অংশ নীতিনির্ধারণ পর্যায়ে রয়েছে এবং আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি হয়নি।
প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, নতুন ব্যবস্থায় উপজেলা, জেলা, বিভাগ ও সিটি করপোরেশন পর্যায়ে পৃথক কমিটি গঠন করে বদলি আবেদন যাচাই ও নিষ্পত্তির ব্যবস্থা করা হবে।
তবে এই ঘোষণার বাইরে প্রশাসনিক পর্যায়ের আলোচনায় বদলি প্রক্রিয়া নিয়ে আরও কিছু তথ্য সামনে এসেছে। প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াৎ হোসেন ঢাকা পোস্টকে বলেন, বর্তমানে সবচেয়ে অগ্রাধিকার দিয়ে যেটি করা হচ্ছে সেটি হলো বদলি প্রক্রিয়াকে ‘ফিল্ডে দিয়ে দেওয়া’। অর্থাৎ কেন্দ্রীয়ভাবে সব আবেদন নিষ্পত্তির পরিবর্তে মাঠ প্রশাসনের মাধ্যমে বিষয়টি পরিচালনার দিকে যাওয়া হচ্ছে।
তিনি বলেন, বদলির বিষয়টি দ্রুত বাস্তবায়নের প্রস্তুতি চলছে এবং এটি অল্প সময়ের মধ্যেই কার্যকর হতে পারে। তবে বদলিই একমাত্র পরিবর্তন নয়। শিক্ষকদের পদোন্নতি ও পেশাগত অগ্রগতির বিষয়টিও এখন মন্ত্রণালয়ের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিক্ষকদের প্রমোশন–সংক্রান্ত বিষয় এবং নিয়োগবিধি নিয়ে আলাদা কাজ হচ্ছে। এক্ষেত্রে কাঠামোগত পরিবর্তনের মাধ্যমে ভবিষ্যতে শিক্ষকরা একাধিক ধাপে পেশাগত অগ্রগতির সুযোগ পেতে পারেন। যদিও বিষয়টি এখনো প্রক্রিয়াধীন এবং বাস্তবায়নে আরও সময় লাগতে পারে।
শিক্ষা প্রশাসনের একাধিক সূত্র বলছে, বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক থেকে উচ্চতর পদে যাওয়ার সুযোগ সীমিত হওয়ায় দীর্ঘদিন ধরে অসন্তোষ রয়েছে। অনেক শিক্ষক চাকরিজীবনের বড় অংশ একই পদে থেকে যান। ফলে নতুন নিয়োগবিধি বা পদোন্নতি কাঠামো এলে সেটি শিক্ষক সমাজে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
সংশ্লিষ্টরা বলছেন, আলোচনায় এমন একটি কাঠামো রয়েছে যেখানে পেশাগত অগ্রগতির পথ আরও স্পষ্ট করা হতে পারে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো খসড়া প্রকাশ করা হয়নি। ফলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের আগে সরকারি নীতিমালা ও প্রজ্ঞাপনের জন্য অপেক্ষা করতে হবে।
এদিকে মন্ত্রণালয় সংশ্লিষ্টরা বলছেন, বদলি ব্যবস্থার বিকেন্দ্রীকরণ সফল হলে কয়েকটি পরিবর্তন দৃশ্যমান হতে পারে। প্রথমত, শিক্ষকদের আবেদন নিষ্পত্তির সময় কমতে পারে। দ্বিতীয়ত, স্থানীয় বাস্তবতা বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া সহজ হতে পারে। তৃতীয়ত, কেন্দ্রীয় পর্যায়ে অতিরিক্ত প্রশাসনিক চাপ কমতে পারে।
তবে স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণের সঙ্গে জবাবদিহিতা ও ডিজিটাল পর্যবেক্ষণ ব্যবস্থা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও বলছেন সংশ্লিষ্টরা।
এদিকে বদলি ও পদোন্নতির সম্ভাব্য এই পরিবর্তনকে ইতিবাচক দৃষ্টিতে দেখলেও এটির বাস্তবায়ন বেশ চ্যালেঞ্জিং মনে করছেন অনেক প্রাথমিক শিক্ষক। তারা বলছেন, দীর্ঘদিন ধরে শিক্ষক বদলি প্রক্রিয়ায় জটিলতা, দীর্ঘসূত্রতা এবং কেন্দ্রীয় নির্ভরতার কারণে অনেক শিক্ষক ব্যক্তিগত ও পারিবারিকভাবে ভোগান্তির মধ্যে ছিলেন। বিশেষ করে নারী শিক্ষক, দূরবর্তী এলাকায় কর্মরত শিক্ষক এবং পরিবার থেকে দীর্ঘ সময় বিচ্ছিন্ন অবস্থায় থাকা শিক্ষকদের মধ্যে বদলি নিয়ে অসন্তোষ ছিল বেশি।
শিক্ষকদের কয়েকজন নেতা ও মাঠপর্যায়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বদলি কার্যক্রম স্থানীয় পর্যায়ে গেলে আবেদন নিষ্পত্তির সময় কমতে পারে এবং বাস্তব পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেওয়ার সুযোগ বাড়বে। এতে শিক্ষকরা দ্রুত কর্মস্থল পরিবর্তনের সুযোগ পেতে পারেন। একইসঙ্গে অপ্রয়োজনীয় প্রশাসনিক জটিলতাও কমতে পারে বলে তাদের আশা।
তবে তারা এটিও বলছেন, শুধু ক্ষমতা মাঠপর্যায়ে দিলেই কাঙ্ক্ষিত ফল আসবে না। নতুন ব্যবস্থায় স্বচ্ছতা, নির্দিষ্ট সময়সীমা, ডিজিটাল নজরদারি এবং আপিলের সুযোগ নিশ্চিত করতে হবে। অন্যথায় কেন্দ্রীয় জটিলতার পরিবর্তে স্থানীয় পর্যায়ে নতুন ধরনের অনিয়মের আশঙ্কাও থেকে যেতে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক নেতা বলেন, বদলি প্রক্রিয়া মাঠপর্যায়ে যাওয়ার উদ্যোগ ইতিবাচক হলেও স্থানীয় প্রশাসনের মধ্যে পর্যাপ্ত স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত না হলে এখানেও নতুন ধরনের অনিয়ম ও দুর্নীতির সুযোগ তৈরি হতে পারে। এতে বদলির আবেদন নিয়ে শিক্ষকরা আবারও হয়রানির শিকার হওয়ার আশঙ্কা রয়েছে। নতুন ব্যবস্থার পাশাপাশি আবেদন প্রক্রিয়া ডিজিটাল করা, নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ এবং আপিলের সুযোগ রাখা জরুরি, যাতে শিক্ষকরা বাস্তব সুফল পান।
অন্যদিকে পদোন্নতির সম্ভাব্য নতুন কাঠামো নিয়ে শিক্ষকরা বলছেন, পেশাগত অগ্রগতির সুযোগ সীমিত হওয়ায় কর্মোদ্যম কমে যায়। নতুন কাঠামোয় যদি একাধিক ধাপে পদোন্নতির সুযোগ তৈরি হয়, তাহলে শিক্ষকতা পেশায় আগ্রহ ও প্রতিযোগিতা বাড়তে পারে।
প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক মু. মাহবুবুর রহমান ঢাকা পোস্টকে বলেন, পদোন্নতি শুধু আর্থিক সুবিধার বিষয় নয় বরং এটি শিক্ষকদের পেশাগত স্বীকৃতি, দায়িত্ববোধ ও দক্ষতা বৃদ্ধির সঙ্গেও সরাসরি সম্পর্কিত। শিক্ষকদের জন্য আরও আগেই বিস্তৃত পদোন্নতি কাঠামো চালু হওয়া প্রয়োজন ছিল। তবে চূড়ান্ত নীতিমালা প্রকাশ না হওয়া পর্যন্ত পুরো বিষয়টির মূল্যায়ন করা সম্ভব নয়। তারপরও শিক্ষকদের জন্য নতুন পদোন্নতির পথ তৈরির উদ্যোগকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি এবং দ্রুত নীতিমালা চূড়ান্ত হওয়ার প্রত্যাশা করছি।























