


বাংলাদেশ টেলিভিশনের রংপুর আঞ্চলিক টিভি উপ কেন্দ্রকে পুর্ণাঙ্গ হিসেবে রুপান্তর করার দাবিতে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী সাংস্কৃতিক আন্দোলন রংপুর।
রোববার (২০ অক্টোবর) বিকেলে নগরীর টাউনহলের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে দ্রুত সময়ে রংপুরের এই উপকেন্দ্রটিকে পূর্ণাঙ্গ রুপ দেয়ার দাবি জানানো হয়।
এতে বক্তব্য রাখেন, রংপুর মিউজিক্যাল ব্যান্ডস্ এসোসিয়েশনের (রামবা) আহ্বায়ক মুহাম্মদ জহির আলম নয়ন, সংগীতশিল্পী কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাকসুদার রহমান মুকুল, রংপুর নাট্যধারার চেয়ারম্যান কাইয়ুম খান, রংপুর নাট্যচক্রের সভাপতি আব্দুল মজিদ হিরু, রংপুর পদাতিকের সাধারণ সম্পাদক নাসির খান সুমন, বাংলার চোখের সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী বাবুল, গীতিকবি সংসদের সভাপতি খলিল বাবু, সাংস্কৃতিক কর্মী জাহিদ হাসেন লুসিড।
বক্তারা বলেন, রংপুরের মানুষের দীর্ঘদিনের দাবি ছিলো এটিকে পূর্ণাঙ্গভাবে চালু করার। কিন্তু বিগত সরকারের বৈষম্যমুখি মনোভাবের কারণে আলোর মুখ দেখেনি। এখন সময় এসেছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের প্রথম বীর শহীদ আবু সাঈদের রংপুরে সকল প্রতিবন্ধকতা উপেক্ষা করে বিটিভির পূর্ণাঙ্গ কেন্দ্র দ্রুত বাস্তবায়ন করার।
এছাড়াও বক্তারা বলেন, বিভিন্নভাবে রংপুরে বাজেট বৈষম্য করা হতো সেগুলো নজরে আনতে হবে এই সরকারের। উত্তরের মানুষের প্রাণের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নেরও দাবি জানানো হয় মানববন্ধন থেকে।
আজিজুল হক মাসুম ও মিজানুর রহমান মিশু সঞ্চালনায় মানববন্ধনে অন্যানের মধ্যে আরও বক্তব্য দেন, ভাওয়াইয়া শিল্পী মাহমুদা আক্তার মিলা, নৃত্যশিল্পী তাশফিকুর হক তপন, সিঙ্গার ও কম্পোজার হৃদয় জেজে।
এছাড়াও উপস্থিত ছিলেন মামুন, রনি হাসান, হাবিব, আমিনুল হক মামুন, আতাউর আতিক, আবির, আলমগীর, শাওন, বাবু, রবিন, সুমনসহ বৈষম্য বিরোধী সাংস্কৃতিক আন্দোলনের সকল কর্মীরা।