বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে গঙ্গাচড়া ডাকবাংলো থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি মহিলা কলেজ, থানা মোড় ও উপজেলা এলাকা প্রদক্ষিণ করে গঙ্গাচড়া বাজারের ত্বাকওয়া মসজিদে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী। তিনি বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের হত্যাযজ্ঞ গণতন্ত্রের ইতিহাসে একটি কালো অধ্যায়। সেদিন জামায়াত-শিবিরের অসংখ্য নেতাকর্মীকে লগি-বৈঠা দিয়ে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়েছিল। এমনকি লাশের ওপর নৃত্য করার ঘটনাও ঘটেছিল। দীর্ঘদিন পেরিয়ে গেলেও ওই হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় দেশে অন্যায়ের সংস্কৃতি আরও গভীর হয়েছে।
তিনি আরও বলেন, ২৮ অক্টোবরের হত্যাযজ্ঞে জড়িত শেখ হাসিনাসহ সংশ্লিষ্টদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন গঙ্গাচড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নায়েবুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি সাইফুল ইসলাম।
সভাপতির বক্তব্যে মাওলানা নায়েবুজ্জামান বলেন, ২৮ অক্টোবরের ঘটনা শুধু রাজনৈতিক সহিংসতা নয়, এটি মানবতার বিরুদ্ধে অপরাধ। ইসলামী আন্দোলনের কর্মীদের রক্তে রঞ্জিত সেই দিনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন গঙ্গাচড়া উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির তাজ উদ্দিন, অধ্যক্ষ শফিকুল আলম, অধ্যক্ষ আব্দুল গণি এবং গঙ্গাচড়া ইউনিয়ন জামায়াতের আমির মনিছুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা।
সমাবেশ থেকে ২০০৬ সালের ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।